প্রতিটি কাজ যেন আল্লাহর জন্য হয়।যে কাজ আল্লাহর জন্য হয়, সেই কাজই কেবল আল্লাহ তাআ'লা কবুল করেন।যে কাজ হয় মানুষের দেখানোর জন্য,সুনাম-সুখ্যাতি লাভের জন্য সেই কাজ আল্লাহ তাআলা কবুল করেন না।বরং যারা অন্যকে খুশি করার জন্য,অন্যকে দেখানোর উদ্দেশ্যে বা সুখ্যাতির উদ্দেশ্যে কোন কাজ করবে তাঁকে শাস্তির মধ্যে গ্রেফতার হতে হবে।
আমি নামায পড়বো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য।অন্যের ভয়ে, লোক দেখানোর জন্য বা নামায না পড়লে মানুষে কি বলবে এই নিয়তে নামায পড়বো না।বরং আমার নামায হবে একমাত্র আল্লাহর জন্য।আল্লাহকে খুশি করার জন্য।
আমাকে যদি আল্লাহ তাআ'লা তাহাজ্জুদ পড়ার তাওফিক দেন তো আমার তাহাজ্জুদ হবে একমাত্র আল্লাহর জন্য।লোকে তাহাজ্জুদগুজার, বড় বুজুর্গ বলবে এই জন্য নয়।বরং আল্লাহর ভালোবাসা ও ক্ষমা লাভের আশায় তাহাজ্জুদ পড়বো।
আমি ইলম শিখবো একমাত্র আল্লাহর জন্য।লোকে আমাকে বড় আলেম ভাববে,আমাকে মুফতি বলে ডাকবে, ভালো এক জায়গায় চাকুরী হবে বা ভালো মসজিদের মোটা অংকের টাকার একটা খতীবগিরি মিলবে এই কারণে আমার ইলম শেখা যেন না হয়।বরং আমি ইলম শিখবো যেন আমি আল্লাহর হুকুম জেনে সেই অনুযায়ী নিজের জীবন গড়তে পারি,আমল করতে পারি, মানুষের কাছে তা পোঁছিয়ে দিতে পারি।আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিনে সম্মানিত করেন এই আশায়।
আমার ওয়াজ,বক্তৃতা,লেখনী সব যেন আল্লাহর জন্য হয়।ওয়াজ যেন এই জন্য না হয় যে মানুষ আমাকে বড় বক্তা বলবে,আমার ভক্তবৃন্দের সংখ্যা অনেক হবে, ওয়াজ করে মোটা অংকের টাকা কামাবো,বক্তৃতায় আমি সবার সেরা বাগ্মী হবো,আমি হবো সবার চেয়ে বড় সাহিত্যিক।লোকে আমার বই কিনবে।আমার অনেক টাকা কামাই হবে।ফেসবুকে আমি সেলিব্রিটি হবো।আমার লাইকারের সংখ্যা অনেক হবে।আমাকে সবাই ভালো লেখক বলবে।এই জন্য যেন না হয় বরং আমার ওয়াজ,বক্তৃতা,লেখনী সব যেন আল্লাহর জন্য হয়।
আমি দান করবো একমাত্র আল্লাহর জন্য।লোকে আমাকে বড় দাতা বলবে,আমার নামডাক চারদিকে ছড়িয়ে পড়বে,আমাকে সবাই সম্মান করবে,আমার প্রশংসা করবে,আমাকে সভাপতি বানাবে,মানুষ বাহবা দিবে এই জন্য দান করবোনা।বরং আল্লাহ তাআ'লা যেন আমার প্রতি খুশি হন এই নিয়তে দান করবো।
আমি কাউকে খাওয়াবো তো আল্লাহর জন্যই খাওয়াবো।কাউকে দাওয়াত দিবো তো আল্লাহর জন্যই দাওয়াত দিবো।এই উদ্দেশ্য যেন না হয় যে অমুককে খাওয়ালে সেও আমাকে খাওয়াবে,অমুককে দাওয়াত দিলে সেও আমাকে দাওয়াত দিবে।বরং আমি একমাত্র আল্লাহর জন্যই খাওয়াবো।সে আমাক খাওয়াক আর না খাওয়াক সে আমাকে দাওয়াত দিক আর না দিক।
আমরা কখনো দান করে কাউকে খোঁটা দিবোনা।নতুবা দানের সওয়াব নষ্ট হয়ে যাবে।এভাবে বলবোনা “তোকে আমি খাওয়ালাম আর তুই আমার সাথে এটা করলি,বা বললাম তোকে তো আমি এটা দিয়েছি তোর আবার কিসের এত কথা।মানুষের কাছে চায়ে খাস তুই আবার এটা করলি।এভাবে কাউকে খোঁটা দিবোনা।নতুবা আমলের সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে।
আল্লাহ তাআ'লা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তাওফিক লাভ করুন।আমীন।
