প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - iAlo24.Blogspot.Com

শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম


 আমরা প্রতিদিন দরুদ পড়বো।একটি দিনও যেন এমন না হয় যে দরুদ পড়তে ভুলে গেছি।এজন্য একটা সময় নির্দিষ্ট করে নিলে ভালো হবে।প্রতিদিন সে সময় যতটুকু পারি দরুদ পড়বো।অন্যান্য সময়ও মনে হলেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পড়বো।


আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানব।তিনি হলেন আল্লাহ তায়ালার বন্ধু।তিনি হলেন নবীদের সর্দার।তিনি হলেন বিশ্বজগতের রহমত স্বরুপ।উম্মতের হেদায়েতের জন্য তিনি খুব কান্নাকাটি করতেন।উম্মতের চিন্তায় তিনি পেরেশান থাকতেন।তিনি যখনই দোয়া করতেন, উম্মতের জন্য দোয়া করতেন।উম্মতের জন্য তাঁর হৃদয় সর্বদা অস্থির ও ছটফট করতো।এমন হতো তিনি যেন উম্মতের চিন্তায় নিজেকে শেষ করে দিবেন।


উম্মতকে দাওয়াত দিতে গিয়ে,জান্নাতের পথে ডাকতে গিয়ে তিনি অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন।তাঁকে মানুষেরা পাগল বলেছে,জাদুকর বলেছে,মিথ্যাবাদী বলেছে,তাঁকে বিভিন্ন মজলিসে অপমানিত হতে হয়েছে,তায়েফে রক্ত ঝরাতে হয়েছে,শেআবে আবি তালিবে তিন বছর জেল খাটতে হয়েছে,নিজের ঘর বাড়ি ছাড়তে হয়েছে,উহুদে রক্তে রঞ্জিত হতে হয়েছে,খন্দকে পেটে পাথর বাঁধতে হয়েছে এ সব কিছু তিনি সয়েছেন শুধু মাত্র তাঁর উম্মত যেন হেদায়েতের পথে আসে।


কতদিন কতরাত যে তিনি না খেয়ে কাটিয়েছেন তার হিশেব নেই।না খেয়েছেন দুই বেলা পেট পুরে।মাসের পর মাস তাঁর ঘরে আগুন জ্বলেনি।শুধু মাত্র মাসের পর মাস পার করেছেন খেজুর আর পানি খেয়ে।সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।কত রাত তিনি সিজদায় পড়ে থেকে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।


না তিনি নিজের যত্ন নিতে পেরেছেন,না পরিবারের অভাব অভিযোগ পূরণ করতে পেরেছেন।উম্মতের হেদায়েতের জন্য তিনি নিজের ও নিজের পরিবারের সমস্ত আশা আকাঙ্খা, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়েছেন।


কিন্তু আমরা বড়ই হতভাগা উম্মত।তাঁকে চিনলাম না।যদি চিনতাম একটা দিনও দরুদ পড়া ব্যতীত কাটাতে পারতাম না।সুন্নাতি পোশাক বাদ দিয়ে ভিন্নমতের পোশাক গ্রহণ করতাম না।দাঁড়ি কখনো কাটতাম না।না চুল বিজাতীদের মত রাখতাম।না দস্তরখানা ছাড়া খানা খেতাম।


আমাদের অনেকে সুন্নাত তো অনুসরণ করেই না,বরং যে নামায তিনি নিয়ে সাত আসমান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ তায়ালার কাছ থেকে নিয়ে এসেছেন,যে নামায আল্লাহ তায়ালা ও বান্দার মাঝে সেতুবন্ধন সেই নামাযকে ছেড়ে দিয়েছে।আল্লাহ তায়ালা আমাদের এই ভাই-বোনগুলোকে বুঝ দান করুন।


আমরা প্রতিদিন নবীজীর প্রতি দরুদ পড়বো।একবার পড়লে ১০ বার আল্লাহ তায়ালার রহমত আমার প্রতি নাযিল হবে।যে যত বেশি দরুদ পড়বে, তার জান্নাতের স্থান হবে তত বেশি নবীজীর নিকটবর্তী।আল্লাহ তায়ালা আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তাওফিক দান করুন।নবীজীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন।আমীন।




Pages