মাগরিবের আজানের অল্প সময় বাকী।আমি মাদরাসা মসজিদে প্রবেশ করলাম।ধীর পদক্ষেপে,মসজিদের ভেতরের অংশে গেলাম।একপাশে বসলাম।আমার পাশে একজন বসে আছে।সে দু হাত তুলে দোয়া করছে রব্বে কারীমের দরবারে।ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।চোখ থেকে অশ্রু ঝরছে।রব্বে কারীম এমন মহান যাঁর কাছে দোয়া না করলেই তিনি রাগান্বিত হন।আর দোয়া করলেই তিনি খুশি হন।
ছাত্র ভাইটি দোয়া করছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।রব্বে কারীমের সাথে তার ভাবের আদান প্রদানের এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়েছে।রব্বে কারীমের নিকট কেঁদে কেঁদে দোয়া করতে পারা এটা বড় সৌভাগ্যের বিষয়।এমন কিছু বিষয় থাকে যেগুলো কাউকে বলা যায়না।বললেও সান্ত্বনার বদলে পাওয়া যায় আঘাত।কিন্তু আল্লাহ তায়ালা এমন মহান তাঁর কাছে সব কিছু খুলে বলা যায়।মনের নানা দুঃখ কষ্টের কথা তাঁর কাছে পেশ করা যায়।
আল্লাহ তায়ালা অত্যন্ত দয়ালু।অত্যন্ত অনুগ্রহশীল।তিনি কারো দোয়া ফেরত দেন না।কেউ তাঁর কাছ থেকে খালি হাতে ফেরেনা।তিনি কারো কথাকে ফেলে দেন না।সকলের মনের কথা শোনেন।সকলের দুঃখ কষ্ট গুলো দূর করেন।
তোমার বিপদে সবাই তোমাকে ছেড়ে যেতে পারে।সবাই তাড়িয়ে দিতে পারে।সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে।তোমার বিপদে আনন্দিত হতে পারে কিন্তু আল্লাহ তায়ালা কখনো তোমাকে ছেড়ে যাবেন না।তিনি কখনো তোমাকে তাড়িয়ে দিবেন না।সকল দুয়ার তোমার জন্য বন্ধ হতে পারে। কিন্তু আল্লাহ তায়ালা সবসময় তোমার জন্য তাঁর দুয়ার খুলে রেখেছেন।তুমি যদি আল্লাহ তায়ালাকে মন থেকে ডাকো।তুমি যদি তোমার মনের কথাগুলো তাঁকে বলো তিনি তোমার ডাকে সাড়া দিবেন।যখনই বিপদে পড়বে, অযু করে দু রাকাত নামায পড়ে, মন খুলে তাঁর কাছে দোয়া করবে।তাঁর কাছে সাহায্য চাইবে।তিনি ছাড়া কেউ সাহায্যকারী নেই।
আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে, যারা আল্লাহ তায়ালার কথা মত চলে।আল্লাহ তায়ালা যা আদেশ করেছেন তা মানে।যেগুলো করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে।তুমি যদি আল্লাহ তায়ালাকে খুশি করতে চাও তাহলে অবশ্যই তাঁর কথামত চলো।তুমি কি চাওনা আল্লাহ তায়ালাকে খুশি করতে??না,শয়তানের কথামত চলবে? যা ইচ্ছে তাই করবে?যদি তুমি আল্লাহ তায়ালার কথামতো না চলো,তিনিও তোমার কোন কথা শুনবেন না।তোমার বিপদ দূর করবেননা।
ছাত্র ভাইটি দোয়ায় কেঁদে যাচ্ছে আর আমি মনে মনে ভাবছি আহ!আমিও যদি এভাবে চোখের অশ্রু ঝরিয়ে কাঁদতে পারতাম।আমার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহ তায়ালার কাছে পেশ করতে পারতাম।
আল্লাহ তায়ালার ভয়ে কেউ যদি এক ফোঁটা অশ্রু ঝরাতে পারে আল্লাহ তায়ালা তাঁর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন।এক ফোঁটা অশ্রুর মূল্য তাহলে কত ভেবে দেখো! তুমিও নিজের গোনাহের কথা স্বরণ করে আল্লাহ তায়ালার কাছে কাঁদো।নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
