মৃত্যু একটি অনিবার্য বিষয়। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।মৃত্যু এমন একটা বিষয় যেটিকে সকলেই বিশ্বাস করে।প্রতিটি ধর্মের মানুষ বিশ্বাস করে।এমনকি নাস্তিক, যারা কোন ধর্ম মানেনা,তারাও মৃত্যুকে বিশ্বাস করে।
আল্লাহ তায়ালা সূরা আলে ইমরানের ১৮৫ নং আয়াতে বলেন,
{كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ ۖ }
"প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।আর তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে।"
তিনি সূরা আমবিয়ার ৩৫ নং আয়াতে বলেন,
{كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ}
"প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করবো।আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে।"
তিনি সূরা আনকাবুতের ৫৭ নং আয়াতে বলেন,
{كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ}
"প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।অতঃপর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে।"
জীব মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।যার যে সময়ে মৃত্যু নির্ধারিত তাকে সে সময়ই মৃত্যুবরণ করতে হবে।এক মহূর্তের জন্যও কাউকে অবকাশ দেয়া হবেনা।আবার এক মুহূর্তের জন্যও কারো মৃত্যু আগে হবেনা।যার যে সময়ে মৃত্যু নির্ধারিত রয়েছে তাকে সে সময়ই মৃত্যু বরণ করতে হবে।
আল্লাহ তায়ালা সূরা আ'রাফের ৩৪ এবং সূরা ইউনুসের ৪৯ নং আয়াতে বলেন,
{وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ}
"প্রত্যেক সম্প্রদায়ের একটি সময় রয়েছে।যখন তাদের সময় এসে যাবে তারা এক মুহূর্তও পিছনে যেতে পারবেনা এবং সামনেও আসতে পারবেনা।"
কেউ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আসমানে চলে যায়,সমুদ্রের গভীর তলদেশে চলে যায়,মজবুত প্রাসাদ বানায় সে কখনোই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেনা।যেখানেই সে যাক না কেন মৃত্যু তাকে পাকড়াও করবেই।
আল্লাহ তায়ালা সূরা নিসার ৭৮ নং আয়াতে বলেন,
{أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ
"তোমরা যেখানেই থাকো,মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদিও তোমরা সুদৃঢ় দূর্গে অবস্থান করোনা কেনো।"
আমরা যেখানেই থাকি,মৃত্যু এসে আমাদেরকে ধরবেই।তো মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্য কি?কেনই বা মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে?
এ ব্যাপারে আল্লাহ তায়ালা সূরা মূলকের ২ নং আয়াতে বলেন,
{الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ}
"তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য,তোমাদের মধ্যে কর্মে কে উত্তম।" তিনি মহা পরাক্রমশালী,ক্ষমাশীল।"
এই আয়াতে আল্লাহ তায়ালা বলে দিয়েছেন যে মৃত্যুকে বানানোর উদ্দেশ্যই হলো বান্দাকে পরীক্ষা করা।বান্দা দুনিয়াতে ভাল কাজ করে না মন্দ কাজ করে।
যারা দুনিয়াতে আল্লাহ তায়ালার দাসত্ব করবে,আল্লাহ তায়ালার হুকুম মত চলবে,ভাল কাজ করবে তাদেরকে আল্লাহ তায়ালা জান্নাত দান করবেন।
আল্লাহ তায়ালা সূরা আস সাজদার ১৯ নং আয়াতে বলেন,
{أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَىٰ نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ}
"যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে বসবাসের উদ্যান তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরুপ।"
পক্ষান্তরে যারা মন্দ কাজ করে,আল্লাহ তায়ালার নাফরমানি করে,নিজের প্রবৃত্তির অনুসরণ করে তাদের জন্য মৃত্যুর পর রয়েছে কঠিন শাস্তি।তাদের ঠিকানা হলো জাহান্নাম।
আল্লাহ তায়ালা সূরা আস সাজদার ২০ নং আয়াতে বলেন,
{وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ ۖ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ}
"যারা অবাধ্য হয়,তাদের ঠিকানা জাহান্নাম।যখনই তারা তা থেকে বের হতে চাইবে তাদেরকে সেখানে ফিরিয়ে দেয়া হবে।আর বলা হবে তোমরা জাহান্নামের যে শাস্তিকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো।
আল্লাহ তায়ালা আমাদেরকে যথাযথভাবে মৃত্যুর প্রস্তুতি নেয়ার তাওফিক দান করুন।পরকালে যেসব আমল কাজে আসবে সেগুলো করার তাওফিক দান করুন।আমীন।
